ওমানে এক বাংলাদেশির নির্মমভাবে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানী মাস্কাটের বিমানবন্দরের কাছে পানি নিষ্কাশনের ম্যানহোলে কর্মরত অবস্থায় মাটি ও পাথর চাপায় তার মৃত্যু হয়। নাদিম ওরফে আলিম (২৫) নামে ওই প্রবাসীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামে। সে আশরাফুল হক ওরফে ফুকার ছেলে। তিনি মাস্কাটের রুসাইল এলাকায় থাকতেন।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মরদেহ বাড়িতে এসে পৌঁছুলে শোকের আবহ তৈরী হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১৪ মাস আগে গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি ওমান যান। তার বড়ভাই মাসুম আলী (৪১) ২০২০ সালে প্রথমে ওমান যান। তিনি ছোটভাইকে ওমানে নিয়ে যান। মাসুম গত ৬ এপ্রিল বাড়ি আসেন।
মাসুম আলী বলেন, নাদিম তার পরিবারে একটি আড়াই বছরের মেয়ে ও স্ত্রী সুমাইয়া ফেরেদৌসী শরিফাকে (১৯) রেখে গেছেন। পুরো পরিবার জুড়ে এখন শোকের মাতম চলছে। ওমান সরকারের কোন অর্থ সাহায্য এখনও তারা পান নি।
ইউপি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ আতাউল হক কমল বলেন, একজন তরুন রেমিট্যান্স যোদ্ধার কর্মক্ষেত্রে এমন মৃত্যু দুঃখজনক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে নাদিমের দাফন সম্পন্ন হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















