সৌদি আরবে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিকে তাদের পাসপোর্ট নিজেদের কাছে রাখার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদের বাংলাদেশ দূতাবাসকে এক কূটনৈতিক চিঠির মাধ্যমে এই তথ্য জানিয়েছে তারা। মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রিয়াদ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে প্রবাসী কর্মীর পাসপোর্ট কোন অবস্থাতেই তার নিয়োগদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের কাছে রাখতে পারবে না। এখন থেকে কর্মী তাদের পাসপোর্ট নিজের কাছে রাখতে হবে। যদি কোনো নিয়োগদাতা কর্মীর পাসপোর্ট দিতে না চায়, তাহলে ওই কর্মীকে সংশ্লিষ্ট এলাকার শ্রম অফিসে অভিযোগ দায়ের করতে হবে।
এছাড়া পাসপোর্ট সংক্রান্ত যেকোন সমস্যার বিষয়ে কর্মীরা চাইলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে পারবেন। সাধারণত সৌদি প্রতিষ্ঠান বা নিয়োগদাতারা কর্মীদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিতে চায়। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী, এখন থেকে কর্মীদের পাসপোর্ট আর নিয়োগদাতারা চাইলেও রাখতে পারবেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















