সোমবার সকাল পর্যন্ত অরুণ গড়াই ছিলেন দুবরাজপুর পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের এক সাধারণ চা-মিষ্টির দোকান মালিক। কিন্তু দুপুরের পর লটারির সৌজন্যে তার জীবন রাতারাতি বদলে গেছে। অরুণ এখন কোটিপতি! নিরাপত্তার উদ্বেগে তিনি দুবরাজপুর থানায় আশ্রয় নিয়েছেন। পুলিশ তাকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
জানা গিয়েছে, দুবরাজপুর আদালতের উল্টো দিকে বাস স্ট্যান্ড ঘেঁষে রয়েছে অরুণের ছোট্ট একটা চা-মিষ্টির দোকান। দিনে চার থেকে পাঁচশো টাকা আয় হয় ওই দোকান থেকে। তার উপরে নির্ভর করেই চলে মধ্য পঞ্চাশের অরুণের সংসার। তবে খুব স্বচ্ছল সংসার তা বলা যাবে না। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। বাড়িতে এখন কলেজ পড়ুয়া ছোট মেয়ে, স্ত্রী, বৃদ্ধ বাবা-মা— সব মিলিয়ে পাঁচ জনের সংসার। তবে এ দিনের পরে সেই পরিস্থিতি আমূল বদলাবে, আশাবাদী ওই ব্যবসায়ী ও তাঁর পরিবার।
জানা গিয়েছে, ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করেন এমন এক জন টিকিট বিক্রেতার কাছে মাঝে মধ্যেই টিকিট কাটেন তিনি। এ দিন সকালেও দোকান খোলার পর ৬০ টাকার টিকিট কেটেছিলেন অরুণ। সোয়া একটার সময় ওই টিকিট বিক্রেতা তাঁকে কোটিপতি হওয়ার খবরটা দেন।
অরুণ বলেন, ‘‘খবরটা শুনে কাঁপছিলাম। আনন্দের সঙ্গে আতঙ্কও ছিল। যতক্ষণ না টিকিট ব্যাঙ্কে পৌঁছচ্ছে বলা তো যায় না। কাউন্সিলরকে ফোন করলাম। বন্ধুদের ফোন করলাম। সকলে আমায় থানায় আসতে বললেন। তাই এখানে আশ্রয় নিয়েছি।’’
এলাকা সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের ৬ নম্বর ওয়ার্ডে অরুণের বাড়ি থাকলেও সেটার অবস্থা ভাল নয়। সংস্কার প্রয়োজন। ছোট মেয়ের ভবিষ্যত, ব্যবসাকে উন্নত করা, বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনা— সব নিয়েই চিন্তা ছিলেন অরুণ। এই অবস্থায় কোটি টাকা পাওয়ায় কার্যত বাকরুদ্ধ পরিবার। স্ত্রী মাধুরী গড়াই বলেন, ‘‘এত টাকা এক সঙ্গে কোনও দিন দেখিনি। দিন বদলাবে এ বার। প্রথমেই বাড়িটা সংস্কার করাতে চাই। তার পরে ধাপে ধাপে সব হবে।’’
ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি বলেন, ‘‘ওই ব্যবসায়ী কোটি টাকা জেতায় আমরা খুশি। টাকার প্রয়োজন রয়েছে ওঁদের। কারণ, ওই ব্যবসায়ীর শরীরও বিশেষ ভাল নয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















