ওমানের এয়ারপোর্টগুলোয় বেড়েছে যাত্রী চলাচল। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ – NCSI এর দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশটির এয়ারপোর্টগুলো দিয়ে ১৪ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে। এরমধ্যে কেবল মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন ১২ লাখ বিমানযাত্রী।
যেখানে বাংলাদেশির সংখ্যা ৪১ হাজার ২০০ জন। বিমানবন্দরগুলোর আগমন, প্রস্থান এবং ট্রানজিটের হিসেব মতে এ বছর ওমানে মানুষ আসার চেয়ে ছেড়ে যাচ্ছেন বেশি। গত বছরের জানুয়ারির তুলনায় এবার এরাইভাল যাত্রী ১৮ শতাংশ বাড়লেও ডিপারচার যাত্রীর খাতায় নাম তুলেছেন ২৫ শতাংশেরও বেশি মানুষ।
এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। জানুয়ারি মাসে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার ভারতীয় বিমান্দরটি ব্যবহার করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৪৮ হাজার। এরপরেই অবস্থান বাংলাদেশিদের।
সাম্প্রতিক সময়ে ওমানে ভারতীয়দের যাতায়াত অনেক বেড়েছে। তবে বাংলাদেশি কমার একটি বড় কারণ ভিসা বন্ধ হয়ে যাওয়া। ফলে যারা ওমানে বৈধভাবে অবস্থান করছেন সেসব বাংলাদেশিই বিমানবন্দর ব্যবহার করেছেন।
জানুয়ারিতে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা ছিলো ৮ হাজার ৯০ টি। যা আগেরবারের তুলনায় ১৬ শতাংশ বেশি। আর সালালাহ বিমানবন্দর দিয়ে ১ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছে। যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। সোহার বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ছিল ১ হাজার ১৪ জন। আর দুখুম বিমানবন্দরে যাত্রী সংখ্যা ১১ দশমিক ৫ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ৩৭০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















