মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বৈধকরণের চলমান রিক্যালিব্রেশন ২.০ কর্মসূচিকে সামনে রেখে চার দিনের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বিশেষ এ সেবার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ, সময় ও স্থান উল্লেখ করে সম্প্রতি হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২, ৩, ২৩ ও ২৪ মার্চ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি পাসপোর্ট বিতরণ করা হবে।
এক্ষেত্রে ২ ও ৩ মার্চ সরাসরি পাসপোর্ট পেতে ২৭ ফেব্রুয়ারি এবং ২৩ ও ২৪ মার্চ পাসপোর্ট পেতে ১৯ মার্চের মধ্যে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পরামর্শ দেয়া হয়। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একইসঙ্গে চালু থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















