আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ মুসল্লির থাকার ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। এ তথ্য জানিয়ে মক্কার মেয়রের দফতরের মুখপাত্র ওসামা জায়াতুনি বলেছেন, মক্কা শহর কর্তৃপক্ষ এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেয়ার পরিকল্পনা করছে, যেগুলোতে ৫ লাখ রুম থাকবে।
ইতোমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেয়া হয়েছে। সংবাদমাধ্যমকে জায়াতুনি জানান, তারা আশা করছেন, গত বছরের তুলনায় এ বছর হাজির সংখ্যা আরও বাড়বে।
গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দেয়ার পর, গেল বছরই কোনো বিধিনিষেধ ছাড়া হজ পালিত হয়। পবিত্র নগরী মক্কায় হাজিদের থাকার লাইসেন্স চেয়ে অনেক আবেদন আসছে বলেও জানিয়েছেন ওসামা জায়াতুনি। এই আবেদন রজব মাসের শেষ পর্যন্ত গ্রহণ করা হবে।
এদিকে ইসলাম ধর্মের পবিত্র দুই স্থান কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। শনিবার সৌদির দৈনিক আল ওয়াতানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















