চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় এক লাখ ৫৩ হাজার অভিবাসী৷ সমুদ্র পথে আসা অভিবাসীদের শীর্ষ দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশিরা। সমুদ্রপথে চলতি বছরে অভিবাসী আসার পরিসংখ্যান প্রকাশ করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বছরের শুরু থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশটির উপকূলে এসে পৌঁছেছেন এক লাখ ৫২ হাজার ৮৮২ জন অভিবাসী, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেশি৷
২০২২ সালে মোট ৯৫ হাজার ৭৫৮ জন অভিবাসন প্রত্যাশী অবৈধভাবে ইতালিতে গেছে। অপরদিকে, ২০২১ সালে ভূমধ্যসাগর পার হয়ে গেছেন ৬৩ হাজার ৬২ জন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে অভিবাসীদের শীর্ষ ১০ দেশের তালিকাও প্রকাশ করা হয়েছে৷ যাদের মধ্যে প্রথম স্থানে আছেন আফ্রিকার দেশ গিনি৷ দেশটি থেকে চলতি বছর ইতালিতে আসা অভিবাসীর সংখ্যা ১৮ হাজার ১৬৪ জন৷
তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ তিউনিশিয়া৷ প্রেসিডেন্ট কাইস সাইদের কর্তৃত্ববাদী শাসন ও দারিদ্রতা থেকে পালিয়ে ইতালিতে গেছে ১৭ হাজার ৭৩ জন অভিবাসী। আফ্রিকার আরেক দেশ আইভরি কোস্ট আছে তৃতীয় নম্বরে৷ দেশটির ১৫ হাজার ৯৭২ জন নাগরিক দেশটিতে অবৈধভাবে প্রবেশ করে।
বছরের শুরু থেকে অন্যান্য দেশের সাথে বাংলাদেশিরাও ছিলেন আলোচনায়। লিবিয়া থেকে অনেক বাংলাদেশি ইতালির পথে যাত্রা করেন৷ এরই ধারাবাহিকতায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশিরা৷ মোট ১২ হাজার ১০০ জন বাংলাদেশি ভূমধ্যসাগরের বিপদ সংকুল পথ পেরিয়ে ইতালিতে আসতে সক্ষম হন৷
তালিকার পাঁচ নম্বরে আছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় দেশ সিরিয়া৷ এছাড়া ছয় নম্বরে আছে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান আছে সাত নম্বরে। ২০২৩ সালে মোট সাত হাজার ৫৬৫ জন পাকিস্তানি নাগরিক অবৈধভাবে ইটালিতে গিয়েছেন।
শীর্ষ ১০ দেশের তালিকার বাকি দুই দেশ আফ্রিকার দেশ মালি ও সুদান। এছাড়া তালিকার বাইরে ৪১ হাজার ৪৬৮ জন অভিবাসী অন্যান্য দেশগুলো থেকে চলতি বছর ইতালিতে পৌঁছেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















