কর্মী ঘাটতি পূরণে আনুমানিক ৩০ হাজার অনথিভুক্ত প্রবাসীকে বৈধকরণের ঘোষণা দিয়েছে গ্রিস। সম্প্রতি দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। শ্রম ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে সমস্যায় পড়েছে গ্রিসের বেশ কিছু খাত। বিশেষ করে বিপুল সংখ্যক আলবেনীয় নাগরিক পশ্চিম ইউরোপের নানা দেশে চলে যাওয়ায় অচল অবস্থায় পড়েছে গ্রিক কোম্পানিগুলো।
তৃতীয় দেশের নাগরিকদের জন্য নতুন ধরনের রেসিডেন্স পারমিটের ঘোষণা দিয়েছে এথেন্স। গত ১৪ ডিসেম্বর গ্রিসের আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ লক্ষ্যে একটি খসড়া সংশোধনীও প্রকাশ করা হয়েছে। এর ফলে যে সকল অনিয়মিত অভিবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছেন এবং চুক্তি ছাড়া চাকরিতে যুক্ত আছেন তারা নিবন্ধিত হয়ে বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারবেন।
বৈধতা আবেদনের শর্ত হিসেবে চলতি বছরের ৩০ নভেম্বর বা এর আগে নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে তিন বছর ধরে গ্রিসে বসবাস করতে হবে। এই সময়সীমা আগের তুলনায় চার বছর কমানো হয়েছে। এদিকে গ্রিস ও বাংলাদেশের মধ্যে আরেকটি চুক্তির আওতায় দেশটিতে এরইমধ্যে বৈধতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সমঝোতা চুক্তির আওতায় বৈধ হতে নিবন্ধন করতে পারবেন বাংলাদেশিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















