মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এ নিষেধাজ্ঞা বহাল ছিল। চার বছরের নিষেধাজ্ঞার পর ফের বাংলাদেশি শ্রমিকদের মালদ্বীপে কাজের সুযোগ তৈরি হলো। দেশটিতে শ্রমিক প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন প্রবাসী কল্যাণ সচিব।
প্রবাসী কল্যাণ সচিব বলেন, মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সেখানে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মালদ্বীপে শ্রমিক প্রেরণের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না।
রোববার (১৭ ডিসেম্বর) এক সরকারি গেজেট প্রকাশ করে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নেয় মালদ্বীপ। মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















