কুয়েতে ঘনকুয়াশায় জনজীবন অচল হয়ে পড়েছে। রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ঘনকুয়াশায় দেশটির রাজধানী কুয়েত সিটিসহ প্রতিটি আবাসিক এলাকা অদৃশ্য হয়ে গেছে। এর ফলে রাস্তা পারাপারে ভোগান্তি বাড়ছে। এছাড়াও, দূরপাল্লার বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং বন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
ঘনকুয়াশায় দেশটির রাজধানীসহ প্রতিটি আবাসিক এলাকা কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। রাস্তা পারাপারে ভোগান্তি বাড়ার সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সারা কুয়েত। বড় বড় টাওয়ার ও ভবন দৃশ্যহীন হয়ে পড়ে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘনকুয়াশা সোমবার (১১ ডিসেম্বর) পর্যন্ত চলমান থাকবে। কুয়েতের স্থানীয় নাগরিক, প্রবাসী ও মরুভূমি অঞ্চলের সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
কুয়েতের আবহাওয়াবিদ ইসা রমজান স্থানীয় গণমাধ্যমকে জানান, শীত ধীরে ধীরে ঘনিয়ে আসছে। কুয়েতের ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহের মাস হবে ডিসেম্বর মাস। পারস্য, উপসাগরের উত্তরে অবস্থানের ফলে দেশটিতে শীতকাল খুবই শীতল থাকে। ইরাক ও ইরান থেকে পারস্য উপসাগর হয়ে কুয়েতে শীতল হাওয়া ও শৈত্যপ্রবাহ বাড়তে থাকে। দেশটিতে তাপমাত্রা কখনো কখনো শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
দেশটিতে চলতি মাসে কয়েক দিন হালকা থেকে মাঝারি উত্তর পশ্চিমাঞ্চলীয় শীতল হাওয়া অব্যাহত থাকবে বলে জানায়। দেশটিতে ঘনকুয়াশা অনুভব করা যাচ্ছে এমনকি ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে। কিছু এলাকায় দৃষ্টিশক্তি প্রায় শূন্যের কাছাকাছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















