কুয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জাবেদ হোসেন নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় দেশটির জাহারা শিল্প এলাকার সালমি রোডে দুই গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, দ্রুতগামী দুই গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লেগে জাবেদ হোসেনের গাড়িতে থাকা এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হয় আরও একজন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। নিহত জাবেদ হোসেন কুয়েতে দোকান, গোডাউন ভাড়া নিয়ে মৌসুমি ব্যবসা করতেন। এলপি গ্যাস সিলিন্ডার, সবজি ও কয়লার গুদাম ঘরে মালামাল সাপ্লায়ার হিসেবে অর্ডার পৌঁছে দিতেন দোকানে দোকানে।
এর আগে সোমবার সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন নামে অপর এক বাংলাদেশির মৃত্যুর খবর আসে। কুয়েতের ওয়াফরা এলাকায় ৫০০ নম্বর রোডে সাইকেল চালানোর সময় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















