প্রবাসী বন্ধুর স্ত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত দেড় বছর ধরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে আসছিলেন ওই এসআই। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলাটি করেন প্রবাসীর স্ত্রী।
আসামি মো. মিজানুর রহমান ফারুক ঢাকা মহানগর পুলিশের এসআই হিসেবে কর্মরত। তিনি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের এ আর খান সড়কের বাসিন্দা।
মামলার নথি অনুযায়ী, মালয়েশিয়া প্রবাসীর বন্ধু এসআই ফারুক। নগরীর এআর খান সড়কে ফারুকের ৯ শতাংশ জমি কিনতে তাকে ৪৫ লাখ টাকা দেন প্রবাসীর স্ত্রী। কিন্তু জমির দলিল না দিয়ে টালবাহানা শুরু করেন ফারুক। এছাড়া বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাবও দেন।
নালিশিতে আরও বলা হয়, ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী নগরীর এ আর খান সড়কে তার ভাইয়ের নির্মাণাধীন ভবনে যান। এ সময় এসআই ফারুক সেখানে গিয়ে তাকে জোর করে ধর্ষণ করেন। এতে জ্ঞান হারালে ওই নারীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন ফারুক। পরে সেগুলো স্বামী ও স্বজনদের কাছে পাঠানো ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০২৩ সালের ৭ অগাস্ট পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের কাছেও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে নালিশিতে উল্লেখ করেন এক সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















