ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধের মধ্যেই সোমবার তেল আবিবে বৈঠক করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের এক পর্যায়ে হঠাৎ বেজে ওঠে বিমান হামলার সাইরেন। তখন ব্লিংকেন ও নেতানিয়াহু প্রাণভয়ে বাঙ্কারে আশ্রয় নেন। বাঙ্কারে থাকা অবস্থায় তারা কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার বৈঠকে ফিরে যান। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যান্টনি ব্লিংকেন ও বেনিয়ামিন নেতানিয়াহু পাঁচ মিনিটের জন্য বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তখন তিনি নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন। আগামীকাল বুধবার ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এর মধ্যে এমন ঘটনা ঘটল।
গত চার দিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইতিমধ্যে তিনি জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিসর সফর করেছেন। এই সফর শেষে গতকাল সোমবার তিনি ইসরায়েল সফরে যান এবং নেতানিয়াহু ও তাঁর মন্ত্রীপরিষদের সঙ্গে বৈঠক করেন।
বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন রয়েছে ইরানের। দীর্ঘদিন ধরে তারা হামাসকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য–সহযোগিতা করছে। আমেরিকা এই সহায়তা ঠেকাতে চায়। এসব বিষয়ে আলোচনা করতেই ব্লিংকেন ইসরায়েল সফরে গিয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস ও ইসারেলের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















