শুক্রবার (২৪ এপ্রিল) নতুন করে রমজানের প্রথমদিনে সর্বাধিক ৭৬১ জনসহ দেশটিতে মোট ৮৫২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কাতারে এ পর্যন্ত ৭৬ হাজারের মতো মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্তদের অন্তত ৮০৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মহামারী করোনাভাইরাসে আক্রান্তে কাতারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশী প্রবাসীরা এমন তথ্য বিভিন্ন সূত্রে উঠে আসছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে তিনজন বাংলাদেশিসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কাতারের নাগরিক, বাকিরা অভিবাসী বলে জানা গেছে। দেশটিতে গত ২৯ ফেব্রুয়ারি এক ইরান ফেরত কাতারি নাগরিকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই কাতারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
২৫ লাখ জনসংখ্যার ছোট্ট এই দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশটিতে পাঁচশ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমতাবস্থায় কাজ শেষে প্রবাসী বাংলাদেশিদের অযথা বাইরে ঘোরাফেরা না করতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
এদিকে কাতারের রাজধানী দোহার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে করোনা শনাক্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। সংক্রমণ ঠেকাতে সতর্ক হওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে দেশটির পক্ষথেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















