সৌদি আরবে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের আরবি বা ইংরেজি শেখার পরামর্শ দিয়েছেন দেশটির জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হক। রিয়াদস্থ বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় বৈঠক এ পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আরবি বা ইংরেজি জানলে সৌদিতে ভাল চাকরি পাওয়া সম্ভব।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি ডেটা অ্যান্ড এআই অথোরিটির অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মোঃ আবুল হাসান মৃধার পাশাপাশি আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার এস এম রাকিবুল্লাহ ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। সৌদি এআই ল্যাবের প্রধান গবেষকে এহসান হক বলেন, সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে এরই মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ২০৩০ সালের মধ্যে ভিশন-২০৩০ বাস্তবায়নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষ দেশগুলোর অন্যতম হওয়ার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব।
তিনি আরও বলেন, সৌদি আরবের নতুন মেগা প্রকল্প ও জাতীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার নিয়ে কাজ শুরু করেছে। আগামী দিনে এ খাতে ব্যাপক উন্নতি প্রত্যাশা করা হচ্ছে। এ সময় দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মোঃ আবুল হাসান মৃধা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নে সৌদি আরবের সাথে একযোগে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন (ডিসিও)-এর সদস্যপদ গ্রহণে কাজ করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে কথা বলেছেন বিজ্ঞানী ও গবেষক এহসান হক। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরবে আসার আগে আরবি বা ইংরেজি ভাষা শিখলে বা যেকোনো কারিগরি দক্ষতা অর্জন করে আসলে ভালো চাকরি পাওয়া সম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তরুণদের প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে বলেও তিনি মনে করেন এহসান হক। বলেন, আগামী দিনে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখবে। এক্ষেত্রে সৌদি ডেটা অ্যান্ড এআই অথোরিটির সাথে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।
https://www.youtube.com/watch?v=4goaUPgwItI
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















