বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি, বর্তমানে বেগুন ৫০-৬০ টাকা কেজি, পেঁয়াজ ৪০ টাকা কেজি, বুট বাজারে আগের থেকে দাম অনেক কম রয়েছে। মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এছাড়াও গত বছরের থেকেও এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। কোনো পণ্য সংকট হওয়ার শঙ্কা নেই।
রোববার (২৬ মার্চ) দুপুরে ভারত ও ভুটানে পাঁচ দিনের সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে দেশে ঢোকার সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি হয়েছে। ভারত হয়ে উভয় দেশের মধ্যে সরাসরি আমদানি-রফতানি পণ্য পরিবহন করতে এ চুক্তি হয়েছে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে। আমরা চাই ডাইরেক্ট ট্রান্সপোর্ট চালু হোক। অনেক সময় ঝামেলা হয়। এজন্য ভুটানের সঙ্গে এগ্রিমেন্টটা হয়েছে।
ভুটান ও বাংলাদেশের মধ্যে পাথর ও ফলসহ বিভিন্ন পণ্য আমদানি-রফতানি করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এগুলো যেন ভারতের সড়কে চেক না হয়ে সরাসরি বাংলাদেশে ট্রান্সপোর্ট করা যায়, সে বিষয়ে চুক্তি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির, পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোত্তালিব হোসনে মুসা ও বুড়িমারী বিজিবি ক্যাম্প কমান্ডার একরামুল হক প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















