পারিবারিক কলহের জেরে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও বড় ছেলের বিরুদ্ধে। বুধবার (৮ মার্চ) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি ইনচার্জ জাবেদ উল ইসলাম।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার পারুয়ারা মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে পারিবারিক কলহের জের ধরে মা ও প্রবাস থেকে ছুটিতে আসা ছেলে সেলিম মিলে মালেককে পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় তাদের নিবৃত্ত করেন প্রতিবেশীরা। বিকেলের পর আবারো সেলিম মাকে নিয়ে মালেক মিয়ার ওপর চড়াও হয়। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পরেন মালেক। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয় দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মালেকের স্ত্রীকে আটক করা হয়েছে। ছেলে সেলিম পলাতক রয়েছে। গত ৩০ জানুয়ারি সে ছোট ভাইকে নিয়ে বাহরাইন থেকে দেশে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















