ঢাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ১৪ হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সিআইডির একটি বিশেষ দল মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগরীর পাঁচটি স্থান—গুলশান ১, শ্যামলি রিং রোড, মোহাম্মদপুর, আশকোনা, এবি মার্কেট ও উত্তরার চায়না মার্কেটে একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মাদক ও বৈদেশিক মুদ্রাসহ ১৪ জনকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ১ কোটি ১১ লাখ ১৯ হাজার ৮২৬ টাকা মূল্যের ১৯টি দেশের বৈদেশিক মুদ্রাসহ মোট ১ কোটি ৯৯ লাখ ৬১ হাজার ৩৭৬ টাকা জব্দ করা হয়’।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই নিজস্ব কার্যালয় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান কার্যক্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, উল্লিখিত প্রতিটি ব্যবসায় অবৈধভাবে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা লেনদেন হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে’।
মোহাম্মদ আলী মিয়া আরও বলেন, ‘তিন মানি এক্সচেঞ্জার—গুলশানের জেএমসিএইচ প্রাইভেট লিমিটেড, মোহাম্মদপুরের আলম অ্যান্ড ব্রাদার্স এবং আশকোনার তৈমুর মানি এক্সচেঞ্জের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে’। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ২৩৫টি লাইসেন্সপ্রাপ্ত বৈধ মানি এক্সচেঞ্জার রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে এক হাজারের বেশি অবৈধ মানি এক্সচেঞ্জার কাজ করছে। এ ছাড়া ঢাকার মতিঝিল, গুলশান, উত্তরা এবং ঢাকা বিমানবন্দরের আশপাশসহ বিভিন্ন এলাকায় কিছু ভাসমান অবৈধ মানিচেঞ্জার রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















