শিগগিরই নতুন এক ধরনের ভিসা কর্মসূচি চালু করতে যাচ্ছে সৌদি আরব। এতে এয়ার টিকিট কিনলেই যাত্রীদের জন্য ওমরাহ করার সুযোগ দিবে সৌদি আরবের বিমানসংস্থা সৌদি এয়ারলাইন্স। এতে উক্ত এয়ারের টিকিট কিনলেই ৯৬ ঘণ্টার জন্য সৌদি আরবের ভিসা পাবেন যাত্রীরা। এসময়ে তারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ এবং ওমরাহ পালন করতে পারবেন।
নতুন এই ভিসা কর্মসূচির নাম দিয়েছে ‘আপনার টিকিটই একটি ভিসা’। এতে যাত্রীরা যখন সৌদিয়া বিমানের টিকিট কিনতে চাইবেন তখন তার সৌদির ভিসার প্রয়োজন আছে কিনা সেই সম্পর্কে জানতে চাওয়া হবে। ওই যাত্রীর ভিসার প্রয়োজন থাকলে টিকিট কাটার সময়ই অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে। মাত্র তিন মিনিটের আবেদনের প্রক্রিয়া শেষ করলেই মিলবে চার দিন বা ৯৬ ঘণ্টার সৌদি ভিসা।
চার দিনের এই ভিসা পাবার পর যাত্রীরা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ এবং ওমরাহ পর্যন্ত পালন করতে পারবেন বলে জানিয়েছেন সৌদিয়া বিমান সংস্থার এক মুখপাত্র। কর্মসূচি চালু হলে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইটের বিশাল চাহিদা তৈরি হবে বলে আশাবাদী বিমান সংস্থাটি। চলতি বছরে আন্তর্জাতিক ফ্লাইটের চাহিদা ৪০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। যদিও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বেশ কয়েকটি বিমান সংস্থা এরই মধ্যে এই পরিষেবা দিচ্ছে। বিশেষকরে ইতিহাদ, এমিরেটস, ফ্লাই দুবাই এবং এয়ার এরাবিয়া প্লেনের টিকিট কিনলে ৪৮ থেকে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা অফার করে তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















