বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিমে সরে গিয়ে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হয়েছে। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ ডিসেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৫) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়টি শনিবার সকাল নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল ছুঁয়ে কিছুটা বাঁক নিয়ে উড়িষ্যার উপকূল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ। সৌদি আরব এই নাম প্রস্তাব করে।
বাংলাদেশের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, শুক্রবার বেলা ১২টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার রাতে ও শনিবার খুলনা-বরিশাল অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে এ ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে শনিবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বর্তমান অবস্থান থেকে উত্তর উত্তরপশ্চিমে এগিয়ে অন্ধপ্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় উপকূলের কাছে পৌঁছে উত্তর উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে। এরপর উপকূল ধরে এগিয়ে শনিবার মধ্যরাত নাগাদ উড়িষ্যার পুরি উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















