হামজা চৌধুরীর পর এবার আরও এক বিদেশি বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে ভেড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার সামিত সোম বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাফুফে।
সামিত সোম আগে কানাডার জাতীয় দলের জার্সিতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে এখন নিজের শেকড়ের টানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান তিনি। বাফুফে জানায়, গত ১৩ এপ্রিল সামিতের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জন্ম সনদের জন্য আবেদন করা হয়েছে। সব ঠিক থাকলে শিগগিরই তার জন্ম সনদ প্রস্তুত হবে এবং এরপর শুরু হবে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া।
ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাফুফে। ফিফার নিয়ম অনুযায়ী প্লেয়ার স্ট্যাটাস পরিবর্তনের প্রক্রিয়াও যথাসময়ে শেষ করতে চায় তারা। পাসপোর্ট ইস্যুতে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জানিয়েছেন, “সামিত সোম যখন বায়োমেট্রিক দিতে মিশনে যাবেন, তখন পরিচয় দিলেই সহযোগিতা মিলবে। প্রয়োজন হলে আমরা আরও সহায়তা দিতে প্রস্তুত।” বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে যুক্ত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে বিভিন্ন ফেডারেশনকে সহযোগিতা করছে বলেও জানান তিনি।
তবে প্রবাসী প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে দেশে প্রোপার স্কাউটিং ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের সক্রিয় ভূমিকা দেশের খেলাধুলার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















