ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ বিষয়ে সতর্কবার্তা জারি করে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও প্রতারকচক্র বাংলাদেশ দূতাবাস, রোমের নাম ব্যবহার করে প্রবাসীদের ফোনে আর্থিক প্রতারণার চেষ্টা করছে। এমনকি মিথ্যা তথ্য দিয়ে প্রবাসীদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা চলছে।
বিশেষভাবে উল্লেখ করা হয়, প্রতারকরা প্রবাসীদের জানাচ্ছে যে, তাদের দূতাবাসে আটক রাখা হয়েছে এবং মুক্তির জন্য বাংলাদেশে নির্দিষ্ট ব্যাংক হিসাবে টাকা পাঠাতে হবে। এটি সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক প্রচেষ্টা।
বাংলাদেশ দূতাবাস স্পষ্ট করেছে যে, কনস্যুলার সেবা ব্যতীত কোনো ধরনের আর্থিক লেনদেন দূতাবাসের মাধ্যমে করা হয় না। কনস্যুলার ফি জমা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র দূতাবাসে উপস্থিত হয়ে কার্ড বা নগদ অর্থের মাধ্যমে প্রদান করতে হয় এবং এর বিপরীতে রিসিট প্রদান করা হয়।
দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সতর্ক করা হয়েছে, যেন তারা ইমো, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকদের প্রচারণায় বিভ্রান্ত না হন।
প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সন্দেহজনক ফোনকল বা মেসেজ পেলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















