হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাত্রার সময় বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাবেক সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এর ১১তম ব্যাচের সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব।
শনিবার বেলা ১১টায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে বিমানবন্দর টার্মিনাল থেকে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর শনিবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিমানবন্দরের গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, সাবেক সচিব ইসমাইল হোসেন যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এবং ডিবি কার্যালয়ে নিয়ে পিসিপিআর যাচাই-বাছাই করা হয়।
পরে, ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক ও সৈয়দ হারুন অর রশীদ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, সাবেক সচিব ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে তার বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তবে তাকে সেই মামলায় গ্রেফতার করা হবে।
এছাড়া, সাবেক সচিব ইসমাইল হোসেনের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















