মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান। যত দিন যাচ্ছে দেশটিতে ততই ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনকহারে। এরইমধ্যে দেশটিতে প্রথমবার কোভিডে আক্রান্ত ৩ জন রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের উপস্থিতি পাওয়া গেছে গতকাল। করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।

বুধবার (১৬-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪২ জন এবং মৃতের সংখ্যা ২৬ জন। গতকালের তুলনায় আজ মৃতের সংখ্যা ৭ জন কমলেও আক্রান্ত বেড়েছে ১৬ জন। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
দেশটির বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই দেখা দিয়েছে আইসিইউ সংকট। ঠাই মিলছেনা করোনা রোগীদের। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭০৮ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮০৮ জন। নতুন ২৬ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ৫৯১ জন।
বর্তমানে দেশটির সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৮৮.৪ শতাংশে। আজ দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৮১ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৮৩ জন। এভাবে বাড়তে থাকলে ফের লকডাউন ঘোষণা করতে পারে ওমান সুপ্রিম কমিটি এমন তথ্য পাওয়া গেছে গোপন সূত্রে।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১২৮২ জন। এদিকে বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি খারাপ অবস্থানে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















